একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি করল সরকার
প্রশাসনিক কার্যক্রমে গতি ও সমন্বয় আনতে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।
প্রশাসনিক কার্যক্রমে গতি ও সমন্বয় আনতে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করে। নির্দেশনাটি পরবর্তী পদক্ষেপের জন্য নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
জারিকৃত আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে হবে। নিবন্ধন মহাপরিদর্শকের মনোনীত প্রতিনিধির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।
মাঠপর্যায়ে নিবন্ধন অধিদপ্তরের অধীনে জমি, বাড়ি ও ফ্ল্যাট কেনাবেচার মতো গুরুত্বপূর্ণ দলিল নিবন্ধনের দায়িত্ব সাব-রেজিস্ট্রাররা পালন করেন। এছাড়া দানপত্র, বণ্টননামা এবং বন্ধকি দলিল যাচাইয়ের পাশাপাশি সরকারি ফি ও শুল্ক আদায় এবং নথিপত্র সংরক্ষণের কাজটিও তাদের তদারকিতে সম্পন্ন হয়।