হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, আদালতে হাজিরার নির্দেশ
আগের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
আগের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালত সোমবার মামলাটি গ্রহণ করেছেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী ফ্যাশন ডিজাইনার এবং ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী (আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী)। তিনি ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রথম মামলাটি করেছিলেন। সেই মামলার অভিযোগ ছিল, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানের জন্য নেওয়া ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি তানজিন তিশা আর ফেরত দেননি। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী গত ২৫ অক্টোবর নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
নতুন মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, মামলা দায়েরের পর থেকেই তানজিন তিশা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দিয়ে তাঁকে দেশে থাকতে না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি প্রথমে থানায় যান। পরে পুলিশের পরামর্শে তিনি আদালতের শরণাপন্ন হয়ে এই মামলা করেন।