ক্রসফায়ার নিয়ে পুলিশপ্রধানের বক্তব্যে অধিকারের ক্ষোভ ও প্রতিবাদ
আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।
আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। সংস্থাটি অবিলম্বে তার এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগে সোমবার, ২৬ অক্টোবর এক সভায় আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও দ্বিধা করবে না।
এক বিবৃতিতে অধিকার উল্লেখ করে, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে নির্বিচারে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সে সময় ভিন্নমতাবলম্বীসহ সাধারণ মানুষ চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। এসব ঘটনার কারণে যুক্তরাষ্ট্র বিলুপ্ত র্যাবকে (বর্তমানে এসআরবি) কালো তালিকাভুক্ত করে। এসব অপরাধে যুক্ত বাহিনীর সদস্যরা অন্তর্বর্তী ও বর্তমান সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হয়েছেন এবং অনেকে বিদেশে পালিয়ে গেছেন।
সংস্থাটির মতে, পুলিশের শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্য বাহিনীকে বিচারবহির্ভূত হত্যার অবাধ সুযোগ দেওয়ার শামিল। বর্তমান বিএনপি সরকারের সময়েও ইতোমধ্যে ৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নথিভুক্ত করার কথা জানিয়েছে অধিকার। আইজিপির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে বিতর্কিত বক্তব্যটি অবিলম্বে প্রত্যাহার এবং এই সময়ে ঘটে যাওয়া সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে।