ডেইলি বাংলাগ্রাম

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের তীব্র প্রতিবাদ এইচআরএসএসের

সরকারের অনুমোদন পেলে ক্রসফায়ার করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের তীব্র প্রতিবাদ এইচআরএসএসের

সরকারের অনুমোদন পেলে ক্রসফায়ার করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংগঠনটি উল্লেখ করে, আইনশৃঙ্খলা রক্ষার অছিলায় বিচারবহির্ভূত হত্যার মতো বিষয়কে সরকারি অনুমোদনের সঙ্গে জড়ানো আইনের শাসন ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমন রাষ্ট্রের দায়িত্ব হলেও তা যথাযথ আইনি প্রক্রিয়া ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে করতে হবে। কোনো ব্যক্তি অপরাধী হিসেবে অভিযুক্ত হলেও তার আত্মপক্ষ সমর্থন ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ বন্ধ করা যায় না। দেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার রয়েছে। ফলে কোনো অবস্থাতেই ক্রসফায়ার বিচার ব্যবস্থার বিকল্প হতে পারে না।

আইজিপির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে এইচআরএসএস। প্রশাসন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে কি না অথবা এটি সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত মত কি না, তা পরিষ্কার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাহিনীকে বেআইনি কার্যক্রম থেকে দূরে রাখতে কার্যকর জবাবদিহি নিশ্চিতের দাবি তোলে সংগঠনটি। তারা স্মরণ করিয়ে দেয়, অপরাধের বিচার হতে হবে আদালতে এবং রাষ্ট্রীয় অনুমোদনেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ নেই।