ভোট চুরির পরিকল্পনা মোদীর আর বাস্তবায়ন করেন শাহ ও নির্বাচন কমিশনার: রাহুল গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রবিবার দক্ষিণ গোয়ার মারগাওয়ে এক রাজনৈতিক সমাবেশে তিনি দাবি করেন, মোদী নেপথ্যে থেকে ভোট চুরির পরিকল্পনা করেন, অমিত শাহ তা পরিচালনা করেন এবং প্রধান নির্বাচন কমিশনার তা বাস্তবায়ন করেন। এ জন্য সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি হতে হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
কংগ্রেসের ২৭ দিনব্যাপী 'গোয় রাখোন যাত্রা'র সমাপনী দিনে প্রায় দুই কিলোমিটার হেঁটে এই সমাবেশে যোগ দেন রাহুল। গোয়ার ৪০টি বিধানসভা আসনেই এই কর্মসূচি পরিচালিত হয়। রাজ্যের পরিবেশ, সংস্কৃতি ও জমি রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, গোয়া কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নয়, বরং সাধারণ মানুষের। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার আহ্বান জানিয়ে দলীয় কর্মীদের তিনি নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে সজাগ পাহারাদারের ভূমিকা পালনের নির্দেশ দেন।
কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, গৌতম আদানি ও মুকেশ আম্বানির মতো শতকোটিপতিদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। প্রচার ও রাজনৈতিক সমর্থনের বিনিময়ে তাদের জমি ও বড় বড় চুক্তি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। নরেন্দ্র মোদীর '৫৬ ইঞ্চির বুক' নিয়ে কটাক্ষ করার পাশাপাশি বর্তমান সরকার দেশের কর্মসংস্থান ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন এই কংগ্রেস নেতা।