১০ মাসের নির্বাসন শেষে দেশে ফিরলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া মাচাদো
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সমর্থকদের উদ্দেশে লেখেন, 'আমি এখানে, আপনাদের সঙ্গেই আছি।' এর আগে বেশ কয়েকবার দেশে ফেরার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন।
দেশে ফিরে লারা রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নেন মাচাদো। সে সময় বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থক তাঁকে ঘিরে ধরেন। পরবর্তীতে রাজধানী কারাকাস দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিশাল জনতা তাঁকে স্বাগত জানায়।
নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার নিতে রাতের আঁধারে ভেনেজুয়েলা ত্যাগ করেছিলেন মাচাদো। এর এক মাস পর গত জানুয়ারি মাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের সমর্থনে মাদুরোর ডেপুটি দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।