ডেইলি বাংলাগ্রাম

ইয়েমেনে শান্তি ফেরাতে হুথিদের অস্ত্র সমর্পণসহ ৫ শর্ত

ইয়েমেনে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচটি শর্তের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা।

ইয়েমেনে শান্তি ফেরাতে হুথিদের অস্ত্র সমর্পণসহ ৫ শর্ত

ইয়েমেনে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচটি শর্তের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। তিনি জানান, সংকট সমাধানে হুথিদের অবশ্যই সব অস্ত্র ত্যাগ করে মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ বন্ধের দাবি জানান তিনি। তিনি বলেন, শান্তি ফেরাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২১৬, জাতীয় সংলাপের সিদ্ধান্ত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

তুরস্ক সফরকালে আল-জুবা অভিযোগ করেন, ধারাবাহিক শান্তি আলোচনার সুযোগ নিয়ে হুথিরা কেবল নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে। ২০২২ সালের এপ্রিলের পর গত জুলাই থেকে ইয়েমেনে সংঘাত আবার তীব্র আকার ধারণ করেছে। হুথিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করতে গত ৫ অক্টোবর ‘ডন অব ইয়েমেন’ নামে একটি সামরিক অভিযান শুরু করেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, হুথিরা লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে এবং এতে তাদের পেছনে ইরানের প্রযুক্তিগত সমর্থন রয়েছে।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের অবরোধ ও হামলার কারণে প্রায় ৪০ লাখ মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। সেখানে পানি, খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় উপকরণের মারাত্মক সংকট তৈরি হয়েছে। কৌশলগত কারণে তাইজ প্রদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকট নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ভূমিকার প্রশংসাও করেন তিনি।