ডেইলি বাংলাগ্রাম

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আগুন, গৃহহীন ৮ শতাধিক ফিলিস্তিনি

গাজা শহরের পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আগুন, গৃহহীন ৮ শতাধিক ফিলিস্তিনি

গাজা শহরের পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার রাত আনুমানিক আটটায় শুজাইয়া জংশনের কাছে কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে পুরো শিবিরে এই আগুন লাগানো হয়। এতে ২০০টিরও বেশি পরিবারের আট শতাধিক ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। সোমবার এক বিবৃতিতে গাজার গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশির ভাগই নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তি। আগুনে তাদের তাঁবু ও অবশিষ্ট জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা আবারও সম্পূর্ণ খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন। মন্ত্রণালয় এই হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা সনদের চরম লঙ্ঘন বলে জানানো হয়। গাজায় অব্যাহত সহিংসতা ও ধ্বংসযজ্ঞ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবারের নেসেট নির্বাচনকে সামনে রেখে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে বলে ফিলিস্তিনি তথ্যে উঠে এসেছে। গত শুক্রবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান বলেন, ইসরায়েলি নির্বাচনে ফিলিস্তিনিদের রক্তকে প্রচারের হাতিয়ার বানানো হচ্ছে। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ১,৫৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,৫৭৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এ ছাড়া উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।