ডেইলি বাংলাগ্রাম

রিয়াদ বিমানবন্দর ও সৌদি তেলের পাইপলাইনে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

রিয়াদ বিমানবন্দর ও সৌদি তেলের পাইপলাইনে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সোমবার সকালে তারা এই আক্রমণ চালায়। গোষ্ঠীটি জানায়, বিমানবন্দরটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সৌদির পূর্ব-পশ্চিম অপরিশোধিত তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানো হয়। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই হামলার কথা জানান। হামলার সময় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর রিয়াদজুড়ে বিপদসংকেত জারি করেছিল। পরে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ক্ষেপণাস্ত্র প্রতিহতের বিষয়টি নিশ্চিত করেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের পক্ষে অবস্থান নেয়।

হুথিদের লক্ষ্যবস্তু হওয়া এই পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এটি পরিচালনা করে। পূর্বাঞ্চলীয় আবকাইক থেকে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু পর্যন্ত পাইপলাইনটি প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ। এই ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহার না করেই সৌদি আরব লোহিত সাগরে তেল পাঠাতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে হুথি ও সরকারি বাহিনীর লড়াই তীব্র হয়েছে। সৌদির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হুথিরা দেশটির ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।