দক্ষিণ সিরিয়ায় কৃষিজমি ধ্বংস করে সামরিক প্রতিবন্ধক বানাচ্ছে ইসরায়েল
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশে কৃষিজমি গুঁড়িয়ে দিয়ে একটি সামরিক প্রতিবন্ধক সম্প্রসারণ করছে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশে কৃষিজমি গুঁড়িয়ে দিয়ে একটি সামরিক প্রতিবন্ধক সম্প্রসারণ করছে ইসরায়েলি বাহিনী। রবিবার আল-হানউত খামারের পশ্চিমে ব্যক্তিগত মালিকানাধীন কৃষিজমিতে মাটির বাঁধ নির্মাণের কাজ চালানো হয়। এটি তাদের ‘সুফা ৫৩’ নামক সামরিক প্রতিরক্ষা প্রকল্পের অংশ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্মাণকাজ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটি এই পদক্ষেপকে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি ও আন্তর্জাতিক প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
‘সুফা ৫৩’ প্রকল্পের আওতায় মূলত সামরিক রাস্তা, পরিখা এবং মাটির বাঁধ তৈরি করা হচ্ছে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে উত্তর কুনেইত্রার হাদারের কাছে এই নির্মাণকাজ শুরু করে ইসরায়েল। পরে তা অধিকৃত গোলান মালভূমির যুদ্ধবিরতি রেখা ধরে দক্ষিণের দিকে সম্প্রসারিত করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর আল-হানউত এলাকায় প্রায় ১৩ দুনাম (১.৩ হেক্টর) জলপাই বাগান গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এতে চাষিরা নিজেদের জমিতে গিয়ে জলপাই সংগ্রহ করতে পারেননি। নতুন এই মাটির বাঁধের কারণে বিস্তীর্ণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে রবিবার উত্তর কুনেইত্রায় নতুন করে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনারা। তারা জুবাতা আল-খাশাব ও আইন আল-বায়দার মধ্যবর্তী সড়কে বেশ কয়েকটি সামরিক যান নিয়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসায়। সেখানে পথচারীদের তল্লাশি শেষে সেনারা ফিরে যায়। এর আগের দিন শনিবারও একই এলাকায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের চুক্তি বাতিল ঘোষণা করে অসামরিক বাফার জোনটি দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় তাদের নিয়মিত অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।