বিমানবন্দরে মারধরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় গ্রেফতার সাবেক মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি আজ অনুষ্ঠিত হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় গ্রেফতার সাবেক মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি আজ অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ অক্টোবর) মহানগর দায়েরা জজ আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালতে আসামিপক্ষে জামিনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাকে শারীরিকভাবে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। এতে আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।