গুম ও হত্যা মামলা: ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
চট্টগ্রামের রাউজানে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুম ও হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
চট্টগ্রামের রাউজানে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুম ও হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ১ জানুয়ারির মধ্যে তদন্ত সংস্থাকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১০ সালে রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে গুম করে হত্যা করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানের সরাসরি জড়িত থাকার তথ্য উল্লেখ করে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন পক্ষ।
এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আসামিকে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের প্রত্যেককে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। নির্ধারিত ১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।