ডেইলি বাংলাগ্রাম

সাংবাদিক বান্ধবীর ব্লগে সিআইএর গোপন নথি ফাঁস, ১০ বছরের কারাদণ্ডের ঝুঁকিতে মার্কিন ঠিকাদার

সাংবাদিক বান্ধবীর ব্লগের জনপ্রিয়তা বাড়াতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর অতি গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে এক মার্কিন ঠিকাদারের বিরুদ্ধে।

সাংবাদিক বান্ধবীর ব্লগে সিআইএর গোপন নথি ফাঁস, ১০ বছরের কারাদণ্ডের ঝুঁকিতে মার্কিন ঠিকাদার

সাংবাদিক বান্ধবীর ব্লগের জনপ্রিয়তা বাড়াতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর অতি গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে এক মার্কিন ঠিকাদারের বিরুদ্ধে। ইয়ান ব্রিঙ্কসম্যান (৪২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের পদের অপব্যবহার করে স্পর্শকাতর গোয়েন্দা নথি সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনজীবীরা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, কাজের বাইরে থাকা সত্ত্বেও ব্রিঙ্কসম্যান বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ইসরায়েল সম্পর্কিত সংবেদনশীল গোয়েন্দা প্রতিবেদনও ছিল। পরে এসব গোপন তথ্য তিনি তাঁর বান্ধবী ও সাংবাদিক আইদা চাভেজের কাছে তুলে দেন। চাভেজ তাঁর ‘ক্যাপিটাল অ্যান্ড এম্পায়ার’ নামের ব্লগে সিআইএর সূত্রের বরাতে অন্তত পাঁচটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রকাশিত ওই লেখাগুলোতে যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট এবং ইরানের আলোচককে নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ব্রিঙ্কসম্যান সরকারের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র নিয়ে সিআইএর ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। তদন্তকারীদের হাতে আসা ২০২৫ সালের ২০ নভেম্বরের এক ইমেইলে তিনি স্বীকার করেছিলেন যে, বান্ধবীর নতুন সাংবাদিকতা প্রচেষ্টাকে এগিয়ে নিতে তিনি সাহায্য করছেন। দ্য হিল ও ওয়াশিংটন পোস্টের সাবেক কর্মী আইদা চাভেজের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত করে রেখেছেন।