গাজার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত ৩, অন্য হামলায় প্রাণ গেল আরও চারজনের
রোববার গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
রোববার গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া উপত্যকাটির অন্যান্য এলাকায় পৃথক হামলায় আরও চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে হামলার পর তিনটি মরদেহ এবং আটজন আহত ব্যক্তিকে তাদের কাছে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মী এবং আহতরা শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির সূত্র।
গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার সময় শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছিলেন। এই হামলার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় উল্লেখ করে, যুদ্ধের কারণে সেখানকার উচ্চশিক্ষা খাতের প্রায় ৯৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত ছয় দিনে দখলদার বাহিনীর গুলিতে ১০ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তবে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রোববার খান ইউনিসে দুজন, দেইর আল-বালাহে একজন এবং গাজার উত্তরাঞ্চলে আরও একজন নিহত হন। গাজায় এক বছরের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলার কথা থাকলেও হামলা থামেনি। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল তাদের চার সেনা নিহতের কথা স্বীকার করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পুরো যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।