ডেইলি বাংলাগ্রাম

ইউএনওকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দেওয়া জামালগঞ্জের এসি ল্যান্ড প্রত্যাহার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ইউএনওকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দেওয়া জামালগঞ্জের এসি ল্যান্ড প্রত্যাহার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আরিফুর রহমান নিজের দাপ্তরিক ফেসবুক পেজে দুটি পোস্ট দেন। সেখানে তিনি নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক দায়ী থাকবেন বলে উল্লেখ করেন এবং প্রশাসন ক্যাডার ছাড়ার কথা লেখেন। এসব পোস্ট দেখে পুলিশসহ প্রশাসনের লোকজন তাঁর বাসায় যান। পরে রাতেই তাঁকে জামালগঞ্জ থেকে সিলেটের বেসরকারি হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে স্ত্রী ও এক সহকর্মী তাঁকে ঢাকায় নিয়ে যান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, আরিফুর রহমান দুই মাস ধরে জামালগঞ্জে দায়িত্ব পালন করছেন। ঘটনার বিষয়ে ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আরিফুর সস্ত্রীক এসেছিলেন। সেখান থেকে ফিরে সোয়া ১০টার দিকে ফেসবুকে ওই পোস্ট দেন। এর আগে তিনি বাসার কাচ ভাঙচুর করেন এবং সেখানে থাকা একজন আনসার সদস্যকে মারধর করেন।