সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা জানতে চায় সংসদীয় কমিটি
সৌদি আরবে দুজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা সংসদীয় কমিটিকে জানাতে বলা হয়েছে।
সৌদি আরবে দুজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা সংসদীয় কমিটিকে জানাতে বলা হয়েছে। কারও অবহেলা প্রমাণিত হলে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর সেখানে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নয়ন করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মন্ত্রণালয়কে মিশন আধুনিকায়নের একটি বিস্তারিত পরিকল্পনা কমিটির কাছে জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। সেখানে অবস্থানরত নারী শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।