ডেইলি বাংলাগ্রাম

পূর্বাচল ও ঝিলমিলে ১ হাজার ৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, নথি স্থগিত

পূর্বাচল নতুন শহর এবং ঝিলমিল আবাসিক এলাকার ১ হাজার ৭৪টি প্লট বরাদ্দে অনিয়ম পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

পূর্বাচল ও ঝিলমিলে ১ হাজার ৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, নথি স্থগিত

পূর্বাচল নতুন শহর এবং ঝিলমিল আবাসিক এলাকার ১ হাজার ৭৪টি প্লট বরাদ্দে অনিয়ম পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে পূর্বাচলের ৮৭৪টি এবং ঝিলমিলের ২০০টি প্লট রয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেওয়া এসব প্লটের নথির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। রোববার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক প্রভাব ও অনিয়মের বিষয়ে যথাযথ তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে জানানো হয়, হাইকোর্টের নির্দেশে গঠিত একটি কমিটি রাজউকের প্লট বরাদ্দের নথিপত্র পরীক্ষা করে এই প্রতিবেদন দেয়। বিগত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল এবং ঝিলমিলে রাজনৈতিক বিবেচনায় সর্বমোট ১ হাজার ৪১৩টি প্লট দেওয়া হয়েছিল। এর মধ্যে কেবল পূর্বাচল নতুন শহর প্রকল্পেই সর্বোচ্চ ৯৪৪টি প্লট বরাদ্দ পায়।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, লুৎফুজ্জামান বাবর, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান অংশ নেন। বৈঠকে আরও জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ চলছে। পাশাপাশি সরকারি ভবনের ছাদে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।