শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগের প্রজ্ঞাপন, যোগদানের তারিখ ১ নভেম্বর
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১ নভেম্বর নবনিযুক্ত কর্মকর্তাদের সরাসরি বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে উপস্থিত হয়ে শিক্ষা সচিব বরাবর যোগদান করতে হবে। এর পাশাপাশি তাঁদের ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনের আবাসিক ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নিতে হবে। এই কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারিত হবে ৪৫তম বিসিএস পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এই সময়সীমা আরও সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। তবে শিক্ষানবিশকালে কাউকে দায়িত্বে অনুপযুক্ত মনে হলে কোনো কারণ দর্শানো ছাড়া এবং পিএসসির সুপারিশ ছাড়াই বরখাস্ত করা যাবে। এ ছাড়া তাঁদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি ও বিষয়ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ নিতে হবে।
এদিকে চাকরিতে যোগ দেওয়ার সময় নিজে কিংবা পরিবারের কেউ যৌতুক নেবেন না মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ের প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকলে তাঁর নিয়োগ বাতিল হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় কারও সনদ ভুয়া প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রার্থীর বিষয়ে কোনো নেতিবাচক তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ নিয়োগাদেশ পরিবর্তনের ক্ষমতা রাখবে।