ডেইলি বাংলাগ্রাম

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

বিদেশ থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

বিদেশ থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫১তম ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত দুটি পৃথক প্রস্তাবে সম্মতি দেয় কমিটি।

অনুমোদিত প্রথম প্রস্তাব অনুসারে, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচ কার্গো এলএনজি নেওয়া হবে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি মেনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের তুলনায় প্রতি এমএমবিটিইউতে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম খরচ হবে। এছাড়া উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে আরও এলএনজি কার্গো সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবের আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনা হবে। ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত এই কার্গোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিদ্যমান চুক্তির বাইরে ভিন্ন দর চূড়ান্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেকেএম মূল্যের চেয়ে প্রতি এমএমবিটিইউতে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কমে এই গ্যাস সরবরাহ করবে কাতার।