জুড়ী ও বড়লেখা সীমান্তে ২৫-৩০ জনকে পুশ ইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই পুশ ইনের চেষ্টা চালায়। রোববার বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, অনুপ্রবেশ করানোর তালিকায় মানসিকভাবে অসুস্থ এক ভারতীয় নাগরিকও ছিলেন। জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এবং বনাঞ্চল এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনার সুনির্দিষ্ট সময় কিংবা সীমান্তের নির্দিষ্ট স্থানের নাম বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।
সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, পুশ ইনের খবর পাওয়া মাত্রই বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং স্থানীয় জনগণের সহায়তায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।