ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: যুবক সাত দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিতে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে (২২) সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিতে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে (২২) সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গত ২৩ অক্টোবর আসামিকে কারাগারে পাঠানো হয়েছিল।
শুনানির সময় নিজের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক বলেন, কোনো উদ্দেশ্য ছাড়া নিছক মজার ছলে তিনি মন্তব্যটি করেছিলেন এবং এটি তাঁর ভুল ছিল। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন সর্বোচ্চ রিমান্ডের দাবি জানান। পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সরকারপ্রধানকে হত্যার কোনো চক্রান্ত ছিল কি না এবং এর পেছনে অস্ত্র সরবরাহকারী বা কোনো সুসংগঠিত সন্ত্রাসী চক্র জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি।
মামলার নথি অনুযায়ী, গত ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীর বাসের ছবি পোস্ট করা হয়। সেখানে আবু বকর সিদ্দিক তাঁর আইডি থেকে স্নাইপার নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার এবং ব্যবহৃত মুঠোফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন ডিবির উপপরিদর্শক মো. মানিক হোসেন।