চুয়েটে ৩৩ দিন পর শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
টানা ৩৩ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
টানা ৩৩ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার তাঁরা ক্লাসে ফেরার এই সিদ্ধান্তের কথা জানান। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল এবং নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাহারের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে এক খোলা চিঠিতে প্রথমে ক্লাসে ফেরার কথা জানান শিক্ষার্থীরা। দীর্ঘ আন্দোলনের অচলাবস্থায় শিক্ষাজীবন পিছিয়ে পড়ায় তাঁরা একাডেমিক কার্যক্রম শুরুর পক্ষে মত দেন। এরপর শিক্ষক সমিতির সাধারণ সভায় একই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেদের সুবিধাজনক সময়ে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করবে। আন্দোলন থেকে সরে না এলেও শিক্ষাজীবন সচল রাখাই এখন তাঁদের মূল লক্ষ্য।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য করা হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়। ফলে সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়ে যায়। আন্দোলনের মধ্যে গত ১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে গিয়ে কার্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা ভবনটি তালাবদ্ধ করেন। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।