প্রেমে ফাঁসিয়ে ব্ল্যাকমেল: রাজধানীতে চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিত্তবানদের জিম্মি ও ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-ওয়ারী)।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিত্তবানদের জিম্মি ও ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-ওয়ারী)। গতকাল শনিবার রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা আবদুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, তিনটি ফাঁকা চেক ও একটি নির্যাতনের কাজে ব্যবহৃত বেল্ট উদ্ধার করা হয়েছে। ডিবি জানায়, চক্রের নারী সদস্যরা ভুয়া পরিচয়ে মধ্যবয়সী ও বয়স্ক ধনী ব্যবসায়ীদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতেন। পরে দেখা করার কথা বলে তাঁদের নির্দিষ্ট বাসা বা হোটেলকক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে পুরুষ সহযোগীরা ভুক্তভোগীদের আটকে রেখে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হতো।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, টাকা দেওয়ার পরও ভুক্তভোগীদের কাছ থেকে বারবার অর্থ দাবি করা হতো। ধরা পড়ার ভয় এড়াতে এই চক্রের সদস্যরা ঘন ঘন বাসা পরিবর্তন করতেন। একই সঙ্গে তাঁরা ভুয়া তথ্যে নিবন্ধিত সিম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট চালাতেন। এদিকে ডিএমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।