ঢাকার সড়কের বিশৃঙ্খলা নিয়ে সফটওয়্যার প্রকৌশলীর নতুন গেম ‘বাপের রাস্তা’
রাজধানী ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলা ও অনিয়মের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ‘বাপের রাস্তা’ নামের একটি নতুন অনলাইন গেম তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী ওমর ফারুক রিয়াদ।
রাজধানী ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলা ও অনিয়মের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ‘বাপের রাস্তা’ নামের একটি নতুন অনলাইন গেম তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী ওমর ফারুক রিয়াদ। ওয়েবসাইটভিত্তিক এই গেমে খেলোয়াড় একজন অটোরিকশাচালকের রূপ নিয়ে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালাতে পারেন। তবে পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়লে গণধোলাইয়ের মাধ্যমে খেলা শেষ হয়। গুগল অ্যানালিটিকসের হিসাব অনুযায়ী, গত শুক্র ও শনিবার দুই দিনেই গেমটি এক লাখবারের বেশি খেলা হয়েছে।
অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েবসাইটে খেলা যায় এই গেম। নির্মাতা ওমর ফারুক কোনো গেম ইঞ্জিন ছাড়া জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ও ‘থ্রি.জেএস’ প্রযুক্তি ব্যবহার করে দুই সপ্তাহে এটি তৈরি করেছেন। এতে ঢাকার শহীদ মিনার, শাহবাগের ফুলের দোকান, আনন্দ সিনেমা হল এবং মেট্রোরেলের পিলারের মতো পরিচিত দৃশ্য রাখা হয়েছে। পাশাপাশি অবৈধ বৈদ্যুতিক সংযোগে চার্জ দেওয়া, পুলিশকে ‘চা-পানি’ খরচ দেওয়া এবং খেলা শেষে ‘দৈনিক যানজট’ পত্রিকার ব্যঙ্গাত্মক শিরোনামের মতো নানা উপাদান এতে যোগ করা হয়েছে। চট্টগ্রামের সন্তান ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওমর ফারুক বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন।
মহাখালী থেকে মিরপুরে নিয়মিত যাতায়াতের সময় সড়কের তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি এই গেম তৈরির অনুপ্রেরণা পান। একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশা রয়েছে এবং সংশ্লিষ্টদের মতে রাজধানীতেই এ সংখ্যা ১৫ থেকে ২০ লাখ। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে গেমটি নিয়ে ব্যাপক সাড়া মিলেছে। ভবিষ্যতে গেমটিতে একাধিক খেলোয়াড় একসঙ্গে খেলার সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।