ডেইলি বাংলাগ্রাম

পলাতক অপরাধীদের কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো গণহত্যাকারী, পলাতক অপরাধী বা ফ্যাসিস্ট শক্তিকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পলাতক অপরাধীদের কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো গণহত্যাকারী, পলাতক অপরাধী বা ফ্যাসিস্ট শক্তিকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা সংক্রান্ত গুঞ্জনের বিষয়ে তিনি জানান, তাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী দেশকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।

সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। এবার ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপিত হয়েছে। বিগত ১৫-১৭ বছর ধরে পূজায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে বর্তমান সরকার সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং সবার সহযোগিতায় ভবিষ্যতেও এই সুন্দর পরিবেশ বজায় থাকবে।

তিনি জানান, চলতি ২০২৬ সালে দেশে রেকর্ডসংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। সরকার এবার পূজা উপলক্ষে অনুদান ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করেছে। এছাড়া পূজায় ৫ দিনের ছুটি দেওয়া হয়েছিল এবং মণ্ডপগুলোতে চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।