ডেইলি বাংলাগ্রাম

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিতর্ক: এনসিটিবি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিতর্ক: এনসিটিবি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল জোবায়ের এনসিটিবিতে প্রেষণে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল ছাড়তে হবে।

প্রতীকটি নিয়ে অসন্তোষ প্রকাশের পর সংশ্লিষ্ট বইটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গত ২২ অক্টোবর রাতে বইটির ছাপার কাজ স্থগিত করা হয়। এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম জানান, মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে প্রতীকটি পরিমার্জন করা হবে এবং পরে তা পুনরায় শিক্ষার্থীদের দেওয়া হবে। অন্যদিকে মুদ্রণমালিকেরা বলছেন, বইয়ের বড় অংশ আগেই ছাপা ও সরবরাহ হয়ে যাওয়ায় এগুলো আবার সংশোধনে বাড়তি খরচ ও অতিরিক্ত সময় অপচয় হবে।

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অংশে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা বোঝাতে একটি পিরামিড তৈরি করা হয়। এতে উপাত্তে পাই চার্ট, তথ্যে নেটওয়ার্ক এবং জ্ঞানে মস্তিষ্কের ছবি দেওয়ার পাশাপাশি প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লা রাখা হয়। এই শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির প্রায় ৩৮ লাখ বইয়ের সিংহভাগই ইতিমধ্যে ছাপা হয়েছে। এছাড়া আগামী বছরের জন্য সব শ্রেণি মিলিয়ে দেশে প্রায় ৩১ কোটি বই ছাপানোর প্রস্তুতি চলছে।