উত্তর কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু
উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে প্রবল বৃষ্টি এবং অতিরিক্ত ভিড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু দর্শনার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৫ থেকে ৫০ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ১১ জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে মৃতের সংখ্যা ১৮ এবং নিহতদের মধ্যে শিশু রয়েছে বলেও জানানো হয়। দুর্ঘটনার পরপরই মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের মতে, মহাশপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে বাইরে থাকা মানুষের দল দ্রুত মণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা করে। একই সময়ে ভেতরে থাকা দর্শনার্থীরা প্রতিমা দেখে বের হওয়ার চেষ্টা করছিলেন। মণ্ডপের সরু পথ ও সিঁড়িতে দুইমুখী ভিড়ের চাপে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় এবং বহু মানুষ নিচে পড়ে পদদলিত হন। পুরো ঘটনাটি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঘটে। এছাড়া মণ্ডপের একটি লোহার কাঠামোর অংশ ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে বলে ধারণা করা হচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাও হাত বাড়ান।
ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। পূজা আয়োজক বিকাশ দাস জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোই ছিল তাদের প্রধান কাজ। সহায়তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১৮০০৩৪৫৫৬৭৮ নম্বরের একটি টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে।