মামলা হলে নিজেকে এক নম্বর আসামি করার দাবি রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে নিজেকে প্রধান আসামি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে নিজেকে প্রধান আসামি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেনের মাধ্যমে সাংবাদিকদের দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওসির সঙ্গে বাকবিতণ্ডার জেরে পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর ছড়ানোর পর তিনি এই বিবৃতি দিলেন। লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে তিনি ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার অপেক্ষা করছেন। উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে ২২ অক্টোবর রাতে পূজা মণ্ডপে নিরাপত্তা না পাওয়া এবং অনিয়ম-দুর্নীতির বিষয়ে কথা বলতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। সে সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। ওসি তা অস্বীকার করে দাবি করেন, লোকটিকে শিখিয়ে আনা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুমিন ফারহানা ওসির অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্য করেন।