সাইবার ঝুঁকি কাটিয়ে ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ রাখার পর বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট পুনরায় চালু করা হয়েছে।
সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ রাখার পর বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট পুনরায় চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) এটি বন্ধ করা হয়েছিল। এরপর রোববার (২৫ অক্টোবর) সকাল আটটা থেকে সাইটটি আবার সচল করা হয়। তবে এই সময়ে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং লেনদেন পুরোপুরি স্বাভাবিক ছিল, ফলে গ্রাহকদের কোনো সমস্যায় পড়তে হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বজুড়ে হামলার আশঙ্কার কারণে তাদের ওয়েবসাইটে কোনো দুর্বলতা আছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল। সার্বিক ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে সম্প্রতি দুটি বড় নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়। এর ফলে বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দেয়। সেই পরিস্থিতিতে গত বুধবার রাত থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।