ডেইলি বাংলাগ্রাম

সাদপন্থীদের টঙ্গী মাঠ ব্যবহারের সুযোগ না দেওয়ার দাবি আলেমদের

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান মাওলানা সাদের অনুসারীদের ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন শীর্ষ আলেমরা।

সাদপন্থীদের টঙ্গী মাঠ ব্যবহারের সুযোগ না দেওয়ার দাবি আলেমদের

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান মাওলানা সাদের অনুসারীদের ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন শীর্ষ আলেমরা। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের দুই মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দেওয়ারও দাবি জানানো হয়েছে। শনিবার টঙ্গী ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে আয়োজিত এক পরামর্শ সভায় ওলামা-মাশায়েখের পক্ষ থেকে এসব কথা বলা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে দেশের ৬৪ জেলার শীর্ষ আলেম ও মুরব্বিরা এই সভায় অংশ নেন।

পরে এক সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত তুলে ধরেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, সাদপন্থীদের তিন দিনের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে বাবুনগরীর মতামত চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আলেমদের সাথে আলোচনা করে আগের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানানো হয়। সভায় বর্তমানে পিবিআইয়ের তদন্তে থাকা দুটি হত্যা মামলার দ্রুত বিচার চাওয়া হয়। এ ছাড়া সাদপন্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে জেলা পর্যায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশে ২০১৮ সাল থেকে মাওলানা জোবায়ের আহমদ ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। গত বছর শর্তসাপেক্ষে সাদপন্থীদের অনুমতি দেওয়া হয়েছিল। সেই শর্ত অনুযায়ী ২০২৬ সাল থেকে তাদের টঙ্গী ময়দানে কোনো কার্যক্রম চালাতে না দেওয়ার কথা ছিল। সভায় আল্লামা বাবুনগরী ছাড়াও মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা শাহ সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি খিজিরুল্লাহ হাটহাজারী, মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা সালাহ উদ্দিন এবং মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।