দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি আরবের কাছে ৬ বিষয়ে জানতে চাইল ঢাকা
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার।
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি এ নিয়ে দেশটির কর্তৃপক্ষকে ছয়টি প্রশ্ন সংবলিত একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অভিযুক্তদের অপরাধের বিবরণ, দণ্ড কার্যকরের পদ্ধতি, মরদেহের বর্তমান অবস্থান এবং বিচার চলাকালে তারা আইনি সহায়তা পেয়েছিলেন কি না—তা জানতে চাওয়া হয়।
গত ১৯ অক্টোবর সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে চিঠিটি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার কাছে পাঠানো হয়। সেদিন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে দেখা করেন। ওই বৈঠকেই তিনি চিঠিটি তার হাতে তুলে দেন।
এর আগে গত ১৪ অক্টোবর মক্কায় বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওরফে আবদুল বাসির এবং সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতাবলে তাদের এই শাস্তি দেওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত অবহিত হতে চিঠিতে উল্লেখিত প্রশ্নগুলোর দ্রুত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন।