ডেইলি বাংলাগ্রাম

নেতানিয়াহু ছাড়া ইসরায়েল সরকারের সঙ্গে কাজ করা সহজ হবে: ট্রাম্পের উপদেষ্টারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।

নেতানিয়াহু ছাড়া ইসরায়েল সরকারের সঙ্গে কাজ করা সহজ হবে: ট্রাম্পের উপদেষ্টারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তবে তাঁর কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা মনে করছেন, নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী জোট ছাড়া নতুন কোনো সরকার এলে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিষয়ে ওয়াশিংটনের কাজ করা সহজ হবে। এ ধরনের পরিস্থিতিতে এই অঞ্চলে কূটনৈতিক সমঝোতা এগিয়ে নেওয়ার পথ আরও সুগম হতে পারে বলে তাঁরা বিশ্বাস করেন।

গত ছয় মাসে ইরানের সঙ্গে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক কৌশল নিয়ে মতভেদের কারণে ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে নেতানিয়াহুর প্রতি অসন্তোষ বেড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর অসন্তুষ্ট। যুদ্ধ শুরুর আগে হোয়াইট হাউসকে দেওয়া নেতানিয়াহুর হিসাব-নিকাশ সঠিক ছিল না বলে তাঁর ধারণা। নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন করতেও অস্বীকৃতি জানান ভ্যান্স। এছাড়া গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর অনীহা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা থামাতে ব্যর্থ হওয়ায় মার্কিন কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

গাজা পরিকল্পনা বাস্তবায়নে দেরির কারণে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার হতাশা জানিয়েছেন। সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দূত টম ব্যারাক। আবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দল মনে করে, লেবাননের সরকারকে সহায়তা দিতে ইসরায়েলের আরও কাজ করা উচিত। এসব টানাপোড়েন সত্ত্বেও রোববার নেতানিয়াহুর পক্ষেই সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, মঙ্গলবারের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় ঘটলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে তার প্রভাব পড়তে পারে।