হেবরনে ইসরায়েলের অভিযান, ভিটেমাটি ছেড়েছেন দুই হাজারের বেশি ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে সামরিক অভিযানের কারণে দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। শুক্রবার এক গুলিবর্ষণের ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
শহরটি অবরুদ্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। একই সঙ্গে পুরো পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। হেবরনের বাসিন্দারা জানান, গভীর রাতে লাউডস্পিকারে তাঁদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ না পাওয়ায় এবং যাওয়ার মতো জায়গা না থাকায় চরম বিপাকে পড়েছেন তাঁরা।
উদ্ভূত পরিস্থিতিতে শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হেবরনের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।