হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৮৮ লাখ টাকা
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ খুলে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে।
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ খুলে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। শনিবার দিনভর গণনা শেষে সন্ধ্যায় এ তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সকাল নয়টা থেকে শুরু হয়ে গণনা শেষ হয় সন্ধ্যা ছয়টায়। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে ১ ভরি ৮ আনা সোনা এবং ৩ ভরি ১৩ আনা রূপা পাওয়া গেছে। এ ছাড়া ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, থাই বাথ, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, মার্কিন ডলার, কাতারি রিয়াল, ইউরো ও হংকং ডলারসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
এর আগেও চার দফায় মাজারের দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা করা হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়। এর আগে ১৫ আগস্ট তৃতীয় দফায় প্রায় পৌনে এক কোটি, ১১ জুলাই দ্বিতীয় দফায় প্রায় অর্ধকোটি এবং ২২ জুন প্রথম দফায় চার দিনের ব্যবধানে পাওয়া গিয়েছিল প্রায় ১৭ লাখ টাকা। এসব অর্থ জেলা প্রশাসনের পরিচালিত একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।
মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে গত ১২ জুন উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর অংশ হিসেবে ১৮ জুন ঐতিহাসিক তিনটি ডেগসহ পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন বাক্স স্থাপন করা হয়। পরে ২৬ জুন সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে ১৩ সদস্যের কমিটি গঠিত হয়। সবশেষ গত ২৩ সেপ্টেম্বরের সভায় সিদ্ধান্ত হয়, মোট আয়ের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ অন্যান্য ব্যয়ে ব্যবহার করা হবে।