শিমগাছের মাচা তৈরি নিয়ে লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ভোলার লালমোহনে বিরোধপূর্ণ জমিতে শিমগাছের মাচা দেওয়াকে কেন্দ্র করে মো. ফিরোজ (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ভোলার লালমোহনে বিরোধপূর্ণ জমিতে শিমগাছের মাচা দেওয়াকে কেন্দ্র করে মো. ফিরোজ (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থেকে শনিবার বিকেলে তিনি মারা যান। নিহত ফিরোজ কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত মো. কাজলকে পুলিশ আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ গত বৃহস্পতিবার ওই জমিতে শিমগাছের জন্য একটি বাঁশের মাচা তৈরি করেন। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় প্রতিবেশী কাজলের স্ত্রী জান্নাত সেটি কেটে ফেলেন। নামাজ শেষে ফিরোজ বিষয়টি নিয়ে আপত্তি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল দা দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। নিহত ফিরোজের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্বজনেরা ফিরোজকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কাজলকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।