ডেইলি বাংলাগ্রাম

আসামে মুসলিমদের বসতবাড়ি ও মসজিদ ভাঙার ঘটনায় ডা. শফিকুর রহমানের ক্ষোভ

ভারতের আসাম রাজ্যে ব্যাপক হারে মুসলিমদের বাড়িঘর ও ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

আসামে মুসলিমদের বসতবাড়ি ও মসজিদ ভাঙার ঘটনায় ডা. শফিকুর রহমানের ক্ষোভ

ভারতের আসাম রাজ্যে ব্যাপক হারে মুসলিমদের বাড়িঘর ও ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এক বিবৃতিতে তিনি সংখ্যালঘু মুসলমানদের মৌলিক অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে কোনো প্ররোচনায় পা না দিয়ে অভ্যন্তরীণ ধর্মীয় ঐক্য অটুট রাখতে তিনি বাংলাদেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর রোববার আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বন এলাকায় ছয় শতাধিক মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে ফেলে রাজ্য প্রশাসন। এর আগের দিন শনিবার রাজ্যের অন্য তিনটি জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। এর ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ১,১০০টিরও বেশি পরিবার পুরোপুরি গৃহহীন হয়ে পড়ে। স্থানীয়দের সূত্রে তিনি জানান, এই উচ্ছেদ অভিযানে অন্তত ১০টি মসজিদ ধ্বংস করা হয়েছে, যার মধ্যে কিছু মসজিদের বয়স ৫০ বছরেরও বেশি। পাশাপাশি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত ৪০০ বছরের প্রাচীন মাঞ্চা মসজিদ এবং গির সোমনাথের পুরোনো মসজিদ ও কবরস্থান ভাঙার বিষয়টির কথাও তিনি মনে করিয়ে দেন।

এ ধরনের পদক্ষেপকে মানবতা, সভ্য সমাজ ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ভারত সরকার সেখানে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে পক্ষই এমন আচরণ করুক, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা পাতা ফাঁদে পা দিয়ে দেশের মধ্যকার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।