ডেইলি বাংলাগ্রাম

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে আড়াই শ পরিবারকে উচ্ছেদ করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অভিযান চালিয়ে প্রায় ২৫০টি ফিলিস্তিনি পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে আড়াই শ পরিবারকে উচ্ছেদ করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অভিযান চালিয়ে প্রায় ২৫০টি ফিলিস্তিনি পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর শনিবার এই পদক্ষেপ নেওয়া হয়। আসন্ন নির্বাচনের আগে হেবরন পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে এবার সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

শনিবার গভীর রাতে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। হেবরনের আইন দেইর বাহা এলাকার খালি বাড়িগুলোতে সেনারা বিশেষ চিহ্ন এঁকে দিয়েছে এবং কিছু ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হেবরনের গভর্নর এটিকে ‘সামগ্রিক শাস্তি’ আখ্যা দিয়ে বলেন, অভিযানে অন্তত ১৫০ থেকে ২৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জোরপূর্বক এই উচ্ছেদ ঠেকাতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থা বি'সালেম এবং জাতিসংঘও এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা গাজার মতো পশ্চিম তীরেও বড় আকারের আগ্রাসন চালানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও বড় ধরনের ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই সময় থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজার ১১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় বা অভিযানে ৫১ জন ইসরায়েলি নিহত হয়েছেন।