ডেইলি বাংলাগ্রাম

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারের নাম প্রস্তাব

বিচার বিভাগকে বাইরে রেখে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার সুপারিশ এসেছে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারের নাম প্রস্তাব

বিচার বিভাগকে বাইরে রেখে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার সুপারিশ এসেছে। শনিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিরোধী দলের সঙ্গে পরামর্শ করে স্পিকারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বৈঠকে অনেকে প্রস্তাব তুলেছেন।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এতে মূলত সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি মৌলিক অধিকার সুরক্ষা, সাংবিধানিক পদে নিয়োগ এবং গণভোট নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে একদলীয়ভাবে সংবিধান বদলানো হলেও বর্তমান নির্বাচিত সরকার সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই তা করবে।

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপির জমা দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এ কোনো রদবদল চাইলে বিরোধী দলকে সরাসরি কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে। সরকার এই সংস্কার কার্যক্রমে বিরোধী দলের কার্যকর ভূমিকা আশা করছে।