ডেইলি বাংলাগ্রাম

আট মাসে বিএনপি চরম বিশৃঙ্খলা তৈরি করেছে: জামায়াত নেতা গোলাম পরওয়ার

ক্ষমতায় এসে আট মাসে বিএনপি চরম বিশৃঙ্খলা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আট মাসে বিএনপি চরম বিশৃঙ্খলা তৈরি করেছে: জামায়াত নেতা গোলাম পরওয়ার

ক্ষমতায় এসে আট মাসে বিএনপি চরম বিশৃঙ্খলা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, আট মাস পার না হতেই সরকারের চারজন সংসদ সদস্য ও মন্ত্রী পদত্যাগ করেছেন। একই সাথে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য ও পদক্ষেপে কোনো মিল নেই।

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, একটি মন্ত্রণালয়ের ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার কাজ মন্ত্রীর ছেলে ও ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া সারের ডিলার নিয়োগ দিতে ১০ থেকে ১২ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে এবং সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনদের সুযোগ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওসহ সারা দেশে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সমস্যা মেটাতে না পারা এবং ছয় মাসে তিন থেকে চারবার জ্বালানির দাম বাড়ানোর বিষয়েও তিনি সমালোচনা করেন।

উক্ত জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আব্দুল হালিম বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। সভায় জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।