ডেইলি বাংলাগ্রাম

রোগীর ওষুধ কিনতে হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ, দিলেন টাকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোগীর ওষুধ কিনতে হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ, দিলেন টাকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে পরিদর্শনকালে শিউলি আক্তার নামের এক প্রসূতি অভিযোগ করেন, যমজ সন্তান প্রসবের পর প্রয়োজনীয় সব ওষুধ ও চিকিৎসাসামগ্রী তাঁকে বাইরে থেকে কিনতে হয়েছে। এতে দুঃখ প্রকাশ করে মন্ত্রী স্যালাইন কেনার জন্য ওই নারীকে এক হাজার টাকা দেন। এর আগে সকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে অনুপস্থিত থাকায় পাঁচজন চিকিৎসকের এক দিনের বেতন কাটার নির্দেশ দেন তিনি।

বেলা ১১টা ৫২ মিনিটে ময়মনসিংহের হাসপাতালে পৌঁছে গত ১৪ সেপ্টেম্বরের অগ্নিকাণ্ডের স্থান দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি চিকিৎসকদের উপস্থিতি যাচাই করে দেরিতে আসা ও অনুপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি খাবারের মান ও শৌচাগার পর্যবেক্ষণ করেন তিনি। হাসপাতালের বাইরে সিটি করপোরেশনের ভাগাড়ে ব্যবহারযোগ্য চিকিৎসাসামগ্রী পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দুপুর দুইটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক ও জনবলসংকট দূর করার উদ্যোগ নেওয়া হবে। ফুলপুর ও তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় রূপান্তর এবং তারাকান্দার ইনডোর সেবা চালুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে অবৈধ ক্লিনিকের অনুমোদন না দেওয়ার এবং দালাল চক্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।