ডেইলি বাংলাগ্রাম

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে পরোয়ানা

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তিনটি করে অভিযোগ এনেছে দেশটির সীমান্তরক্ষী সংস্থা।

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে পরোয়ানা

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তিনটি করে অভিযোগ এনেছে দেশটির সীমান্তরক্ষী সংস্থা। অভিযুক্ত চার ব্যক্তি রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম গত ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। তবে পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্তে জানা গেছে, ২০৯ জন বাংলাদেশির জন্য মোট ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার আবেদন জমা দেওয়া হয়েছিল। কানাডীয় নাগরিকদের আমন্ত্রণে বেড়াতে যাওয়ার কথা বলা হলেও এসব আবেদনে মিথ্যা তথ্য ও ভুয়া নথি ব্যবহার করা হয়। ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মারসিয়ে শহরে অভিযানের পর আগস্ট থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। পরে ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবচেয়ে গুরুতর প্রমাণ থাকা ৭৯টি ভিসার আবেদনকে ঘিরে মামলা সাজানো হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ষড়যন্ত্র, ভিসা আবেদনে তথ্য গোপন এবং আইন অমান্যে প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এসব বিষয় এখন আদালতে বিচারাধীন। দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি এবং সীমান্ত সংস্থার আঞ্চলিক মহাপরিচালক এরিক লাপিয়ের জানিয়েছেন, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা রক্ষা করতে এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।