ডেইলি বাংলাগ্রাম

হেবরনে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দিনের অবরোধ, পশ্চিম তীরে আটক ১৯ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে টানা দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক অবরোধ জারি রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।

হেবরনে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দিনের অবরোধ, পশ্চিম তীরে আটক ১৯ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে টানা দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক অবরোধ জারি রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার শহরের সব প্রবেশপথ ও প্রধান সড়ক বন্ধ রেখে পুরো এলাকাকে বিচ্ছিন্ন করে রাখা হয়। একই সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৯ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা।

শনিবার সকালে হেবরনের মধ্যাঞ্চলীয় আল-জিলদা ও দেইর বাহা এলাকায় সেনা যান ও বুলডোজার নিয়ে অভিযান চালানো হয়। সেনারা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বহু বাসিন্দাকে ভোরের ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে রাখে। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া পৃথক অভিযানে নাবলুস থেকে ১৬ জন, বেথলেহেম থেকে দুইজন এবং জেরিকোর আকাবাত জাবর শরণার্থী শিবির থেকে এক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

শুক্রবার হেবরনে কথিত গোলাগুলিতে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই অবরোধ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ফিলিস্তিনিরা বসতিস্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালালে পাঁচজন আহত হন। এরপরই শহরটি ও এর আশপাশের জনপদে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি অভিযান ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।