ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা আবার স্বাভাবিক
কয়েক দিনের সীমাবদ্ধতার পর স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকের সংযোগ এখন পুরোপুরি স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা।
কয়েক দিনের সীমাবদ্ধতার পর স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকের সংযোগ এখন পুরোপুরি স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা। তিনি জানান, নেটওয়ার্কটিতে এখন ঘণ্টায় ৪০০ কিলোমিটারের বেশি গতি পাওয়া যাচ্ছে। এর ফলে ড্রোনগুলোর সংযোগ সক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে। এর আগে গতিসীমা বেঁধে দেওয়ায় ঘণ্টায় ১৬১ কিলোমিটার বা তার বেশি গতিতে ওড়ার সময় ড্রোনগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ব্যবস্থা ইউক্রেনীয় সেনাদের সামরিক অভিযান, ড্রোন পরিচালনা এবং রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউক্রেন যুদ্ধের ময়দানে যোগাযোগ ও ড্রোন পরিচালনার জন্য ইলন মাস্কের স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। রাশিয়ার তেল অবকাঠামোতে ইউক্রেনের হামলার জেরে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কূটনৈতিক বিরোধ তৈরি হয়। কিয়েভের অভিযোগ ছিল, ট্রাম্পের নির্দেশেই ইলন মাস্ক ইন্টারনেট গতি সীমিত করেছিলেন। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে বলেন, মাস্ক সংযোগটি পুনরায় ঠিক করে দিয়েছেন। জেলেনস্কি আরও অভিযোগ করেছিলেন, হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধের হুমকি দিয়েছিল, যা ট্রাম্প নাকচ করেছেন।
এদিকে রণক্ষেত্রে দুই দেশের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দখলকৃত ক্রিমিয়াসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৬১৬টি ড্রোন ভূপাতিত করেছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, হামলার কারণে সেখানে বিদ্যুৎ ও পানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা রাশিয়ার ভেতরে একটি ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ কারখানা, রাসায়নিক প্ল্যান্ট এবং সামরিক ঘাঁটির একটি যুদ্ধবিমানে আঘাত হেনেছে। কিয়েভ আরও জানায়, শুক্রবার রাশিয়া তাদের ওপর ৩০৯টি গ্লাইড বোমা ও ১০,২৭০টি কামিকাজে ড্রোন ব্যবহার করে মোট ৮৮টি বিমান হামলা চালিয়েছে।