গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নারীসহ নিহত ২
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো পৃথক হামলায় এক নারীসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো পৃথক হামলায় এক নারীসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারের এসব হামলায় আহত হয়েছেন আরও চারজন। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অগ্রাহ্য করে এই আক্রমণ চালানো হয়।
উত্তর গাজার বেইত লাহিয়ার তাল আল-ধাহাব এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ফাতিমা আবু লাবান নামের এক নারী প্রাণ হারান। সেখানে গুলিতে আরেক নারীও আহত হন। অন্যদিকে গাজা সিটির পশ্চিমে আল-রিমাল এলাকার প্যালেস্টাইন স্টেডিয়ামের কাছে ড্রোন হামলায় মোহাম্মদ আনান আল-রাওয়াঘ নামের এক তরুণ নিহত এবং তিনজন আহত হন। এ ছাড়া শনিবার ভোরে আল-তুফাহ এলাকায় খালি বাড়িতে ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয় এবং উপকূলের দিকে নৌবাহিনী থেকে গুলিবর্ষণ করা হয়।
যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫৫৯ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। একই সঙ্গে অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।