ডেইলি বাংলাগ্রাম

পরাজিত শক্তির বিরুদ্ধে অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকা জরুরি: নিয়াজ আহমেদ খান

জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি ফিরে এলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

পরাজিত শক্তির বিরুদ্ধে অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকা জরুরি: নিয়াজ আহমেদ খান

জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি ফিরে এলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শক্তিশালী এই অপশক্তিকে একা সরকার বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে প্রতিহত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাইকে পরস্পরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, গত দুই দশকে পরিকল্পিতভাবে সমাজে নানা বিভাজন তৈরি করা হয়েছে। তবে বর্তমান সংকট কাটিয়ে ঐক্যের জন্য তিনটি অনুকূল সুযোগ রয়েছে। তরুণদের নবগঠিত বিভিন্ন প্রতিষ্ঠান এখন সংহতি তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া বর্তমান সরকার ও বিরোধী দল উভয়েই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ায় অভিন্ন অবস্থানে পৌঁছানোর সুযোগ রয়েছে। পাশাপাশি অভ্যুত্থানের পরাজিত অভিন্ন শত্রুর হুমকিও সবাইকে একত্র করতে বড় নিয়ামক হতে পারে।

ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (ভিপিএসএসসি) এই গোলটেবিল সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোদাসসের হোসেন খান বীর প্রতীক, বারভিডা সভাপতি আবদুল হক, উন্নয়নকর্মী রুবি আমাতুল্লাহ, আইনজীবী আবু হেনা রাজ্জাকী, আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং মেজর (অব.) আমীন আহমেদ আফসারী।