টঙ্গী ময়দানে সাদপন্থিদের অনুমতি না দেওয়ার দাবি শীর্ষ আলেমদের
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের কোনো ধরনের সমাবেশের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের কোনো ধরনের সমাবেশের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) ময়দানে আয়োজিত এক পরামর্শ সভা থেকে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর ডাকে এই সভায় দেশের ৬৪ জেলার শীর্ষ আলেমরা অংশ নেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান জানান, সাদপন্থিদের এবারের ইজতেমায় তিন দিন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে হেফাজত আমিরের মতামত চাওয়া হয়েছিল। শীর্ষ আলেমদের আলোচনার পর সরকারের কাছে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। প্রথম দাবিটি হলো, ২০২৫ সালের পর সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহার করতে না দেওয়ার পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল রাখা। দ্বিতীয় দাবিটি হলো, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে ঘটে যাওয়া ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দেওয়া। এই মামলাগুলো এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অধীনে রয়েছে।
সংবাদ সম্মেলনে সতর্ক করে বলা হয়, এ বিষয়ে সরকারের ওপর অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি করা হলে কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর অবস্থান নেওয়া হবে। তেমন পরিস্থিতি দেখা দিলে ঢাকার কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে প্রতিটি জেলায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।