ডেইলি বাংলাগ্রাম

নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ, খরচ ১৫ হাজার কোটি টাকা

চীন ও ভারতের ভূরাজনৈতিক টানাপোড়েন এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার।

নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ, খরচ ১৫ হাজার কোটি টাকা

চীন ও ভারতের ভূরাজনৈতিক টানাপোড়েন এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। পুরো কাজ শেষ করতে আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, ২০২৭ সালের শেষ নাগাদ এই প্রকল্প উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়নে ৭ থেকে ৮ বছর সময় লাগবে। ফলে প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে অভ্যন্তরীণ অর্থায়নেই এটি শেষ করা সম্ভব হবে। তিস্তা প্রকল্পের নকশা, কারিগরি সম্ভাব্যতা যাচাই ও অর্থায়নের জন্য চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার আন্তর্জাতিক পরামর্শকদের সহায়তা নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ এবং ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ করা হবে। একই সঙ্গে ড্রেজিংয়ের মাধ্যমে পানির প্রবাহ বাড়ানো, বর্ষার পানি সংরক্ষণ ও নদীশাসনের মাধ্যমে নতুন জমি উদ্ধার করা হবে।

বাংলাদেশ নিজের টাকায় প্রকল্পটি করায় ভারতের কোনো আপত্তি নেই বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। এছাড়া তিস্তা এলাকায় মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শনেও কোনো রাজনীতি নেই বলে তিনি মন্তব্য করেন। সরকার তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে চুক্তি করতে চায়। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির ক্ষেত্রে বড় বাধা ছিলেন। তবে সেখানে ক্ষমতার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ নতুন করে আশাবাদী হচ্ছে।