ডেইলি বাংলাগ্রাম

বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সার দুর্নীতি নিয়ে ডাকসু ভিপির ক্ষোভ

কৃষকদের উৎপাদিত ফসলের উপযুক্ত দাম না পাওয়া এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সার দুর্নীতি নিয়ে ডাকসু ভিপির ক্ষোভ

কৃষকদের উৎপাদিত ফসলের উপযুক্ত দাম না পাওয়া এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার এক বিবৃতিতে তিনি কৃষি খাতের নানা অনিয়ম ও সংকটের কথা তুলে ধরেন। সেখানে তিনি অভিযোগ করেন, সাধারণ কৃষকদের লোকসানের মুখে ঠেলে দিয়ে সিন্ডিকেটকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ‘কৃষক কার্ড’-এর প্রতিশ্রুতি শোনানো হচ্ছে।

বাজারের অসম পরিস্থিতির উদাহরণ দিয়ে ডাকসু ভিপি জানান, পঞ্চগড়ে কৃষকেরা মাত্র এক টাকায় চারটি লাউ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ ঢাকার খুচরা বাজারে সেই লাউয়ের প্রতিটি বিক্রি হচ্ছে ৪০ টাকারও বেশি দরে। এই বাড়তি মুনাফা সিন্ডিকেটের পকেটে যাচ্ছে দাবি করে তিনি সারের ডিলারশিপ নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর মতে, কোনো নিয়ম বা যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও প্রভাবশালীরা ১৫ থেকে ২০ লাখ টাকায় দলীয় নেতাকর্মী ও আত্মীয়দের কাছে ডিলারশিপ বিক্রি করেছেন।

বিবৃতিতে সাদিক কায়েম আরও বলেন, এসব অনিয়মের কারণে তৃণমূলের কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ফলে ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের চড়া দামে খাদ্যপণ্য কিনতে হচ্ছে। তাই কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে এই সিন্ডিকেট ও ডিলারশিপের বাণিজ্য অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি।