সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের প্রতিবাদ
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলিবর্ষণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলিবর্ষণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই পরিচালকের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
ঘটনার নিন্দা জানিয়ে শনিবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, দেশের একজন জনপ্রিয় শিল্পীর গাড়িতে এমন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ জননিরাপত্তা ও সামগ্রিক আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি।
বিবৃতিতে তিনি আরও বলেন, নাগরিকদের জানমালের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের কারণ উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।