ডেইলি বাংলাগ্রাম

অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে গাজীপুরে ভোগান্তি বেড়েছে: ফজলুল হক মিলন

বিআরটিসহ নানা অপরিকল্পিত প্রকল্পের কারণে গাজীপুরে তীব্র যানজট, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মিলন।

অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে গাজীপুরে ভোগান্তি বেড়েছে: ফজলুল হক মিলন

বিআরটিসহ নানা অপরিকল্পিত প্রকল্পের কারণে গাজীপুরে তীব্র যানজট, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মিলন। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে 'ঢাকাস্থ গাজীপুর ফোরাম' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 'দৃশ্যমান সমস্যা, অবারিত সম্ভাবনার গাজীপুর' শীর্ষক অনুষ্ঠানে তিনি জেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

বিআরটি প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি জানান, ১৪ বছর ধরে কাজ চলার পরও বিশেষ বাসসেবা চালু করা যায়নি। প্রকল্পটিতে ২ হাজার ৮১১ কোটি টাকা খরচ হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ও জনভোগান্তি আরও বেড়েছে। শেষ পর্যন্ত সরকার প্রকল্পটি বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সমন্বিত নগর মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের ওপর জোর দেন। সভায় গাজীপুরের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, সালাউদ্দিন আইয়ুবী ও রফিক ইসলাম বাচ্চুসহ অন্যরা বক্তব্য রাখেন।